পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে নিয়োগের দুই দিন পর দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি।
চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, একান্ত ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। প্রসঙ্গত গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়াকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিলো সরকার। তিনি সরকারের সাবেক সচিব।
অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নরের দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠান দেউলিয়ার পথে এমন বক্তব্য দেওয়ার পর এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে আমানতের টাকা তোলার হিড়িক পড়ে। পরে এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: