বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন, দেশের বাজারে কত?
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের খবরের পর মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এতে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দামের পতন ঘটেছে। স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ।
শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৬ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭০ দশমিক ২০ ডলারে।
বার্তা সংস্থা রয়টার্সকে অন্তত তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েন করছে।
এই খবরের পর মার্কিন ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন আরও বেড়েছে। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে ডলারে মূল্যায়িত স্বর্ণ কম আকর্ষণীয় হয়ে পড়ে।
ব্যবসায়ী তাই ওয়ং বলেন, ‘বাজারে উদ্বেগ বাড়ার কারণে স্বর্ণ ও রুপার দাম কমছে। গত দুই শুক্রবারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা ডলারকে শক্তিশালী করেছে। আর শেয়ারবাজার, বন্ড ও ধাতুতে বিক্রির চাপ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব সম্পদ একই প্রবণতায় লেনদেন হচ্ছে।’
স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতি ও অনিশ্চয়তার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখা হয়। তবে উচ্চ সুদের হার এই সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়।
স্বর্ণের মতো অন্যান্য ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৫২ ডলারে। এ ছাড়া প্লাটিনাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৫৫ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১২ দশমিক ৭৪ ডলারে নেমে এসেছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: