• NEWS PORTAL

  • সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের জেরে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় ধস

প্রকাশিত: ১৪:১২, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:১৩, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের জেরে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় ধস

ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণের দাম এক ধাক্কায় অনেকটা নিচে নেমে আসে। ট্রাম্পের এই বার্তার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সুদের হার কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২.৮ শতাংশ কমে ৪ হাজার ৬২২.৫৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম ৪ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছিল। এর মাধ্যমে স্বর্ণের টানা চার দিনের দরবৃদ্ধির প্রবণতা থমকে গেল। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার ৩.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪৯ ডলারে নেমেছে।

গত ১৯ মার্চের পর স্বর্ণের বাজার যখন চাঙ্গা হয়ে উঠছিল, ঠিক তখনই ট্রাম্পের এই ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এক বিশেষ ভাষণে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসী হামলা চালিয়ে যাবে এবং দেশটি তাদের ‘প্রধান কৌশলগত লক্ষ্য’ অর্জনের পথে রয়েছে। এই বক্তব্যে যুদ্ধ থামার আশা করা বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ট্রাম্পের ভাষণের পর সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম এবং ডলারের মান বেড়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ৫.৪ শতাংশ কমে ৭১.০৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩.১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমেছে।

তবে বিশ্ববাজারে দাম কমায় ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে। এর বিপরীতে চীনের ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় থাকায় সেখানে কেনাবেচায় কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: