প্রায় ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার
‘তেলের কোন সংকট নেই, এপ্রিল মাস নিরাপদ’
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এপ্রিল মাসের জন্য সরবরাহ পুরোপুরি নিরাপদ। তবে, প্যানিক বায়িং (আতঙ্কে অতিরিক্ত কেনা) এবং অবৈধ মজুতের প্রবণতার কারণে বাজারে সাময়িক প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র (অপারেশন অনুবিভাগ) মুনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, অবৈধ মজুত রোধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক প্রায় ১,২০০ মেট্রিক টন পেট্রোল এবং ১,৪০০ মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে। তবে সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
মনির হোসেন চৌধুরী জানান, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতির চিঠির জবাব এখনও আসেনি। এছাড়া অবৈধ মজুত রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। যারা এই তেলে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “যেকোনো ব্লক সুপারভাইজার বা উপজেলা কৃষি কর্মকর্তা যাচাই করে কৃষকদের ডিজেল প্রদান নিশ্চিত করবেন।”
ভিআইপি বা বিশেষ কোনো ব্যক্তিকে বেশি তেল দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো সুযোগ বর্তমানে নেই। এছাড়া তিনি সাধারণ মানুষের জ্বালানি সাশ্রয়েও গুরুত্বারোপ করেছেন।
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: