বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে ডিসেম্বর ডেলিভারির জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। পাশাপাশি আগামী কয়েক মাসে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার উপায় হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদ প্রদানকারী সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এতে সুদ না দেওয়া স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: