• NEWS PORTAL

  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

শাহজালাল মাজারের দানবাক্সে ৩৫ দিনে মিললো ৮৮ লাখ টাকা 

প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শাহজালাল মাজারের দানবাক্সে ৩৫ দিনে মিললো ৮৮ লাখ টাকা 

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হলো ৩৫ দিন পর। গণনা শেষে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে স্বর্ণ, রৌপ্য ও ১৮ ধরনের বৈদেশিক মুদ্রা। 

শনিবার (২৪ অক্টোবর) পঞ্চমবারের মতো দানবাক্স ও ডেগ খুলে এসব অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩৫ দিন পর শনিবার সকালে শাহজালাল (র.) মাজারের দানবাক্সগুলো খোলা হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত অর্থের মোট হিসেব ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। 

এদিকে মাজার কর্তৃপক্ষ জানায়, এবার দানবাক্সগুলো থেকে মোট ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ সোনা, রূপা ও ১৮টি ভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা মিলেছে।

প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ১৩.৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৭ কাতারি রিয়াল, ১০০ বাহরাইনি দিনার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ২৯ মার্কিন ডলার, ৭ ইউরো ৩৩ সেন্ট। এছাড়া ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ থাই বাত, ১৫ মালদ্বীপের রুফিয়া, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে।

এ ছাড়া মাজারের দান হিসেবে পাওয়া ৭টি গরুর মধ্যে ৪টি লঙ্গরখানায় জবাইয়ের জন্য দেওয়া হয় এবং অবশিষ্ট ৩টি গরু মাজারের খাদিমদের বুঝিয়ে দেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: