টাঙ্গাইলে জালেমন বেগম হত্যা: প্রধান আসামি নরসিংদীতে গ্রেফতার
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে।
গ্রেফতার শাহ আলম শেরপুর জেলার শ্রীবরদী থানার বানিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। নিহত জালেমন বেগম শোলাকুড়ির বিএনপি নেতা মিঠুর মা।
জবানবন্দিতে শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে তারা জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন। এ সময় কুড়াল ও রড দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করেন তাঁরা। পরে জালেমন বেগমের গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান।
জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তাঁরা মিঠুর বাড়ি থেকে রাইস কুকার, কাঁথাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন বলে শাহ আলম জানান।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, জালেমন বেগম হত্যার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেফতারে জোর চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নরসিংদী থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইলের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: