আলিবাবা ডট কমে স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। বিশ্বখ্যাত বিটুবি (B2B) ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডট কম (Alibaba.com)-এ ভেরিফাইড সাপ্লায়ার (Verified Supplier) হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতাদের কাছে ব্যবসায়িক সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা উপস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্টেপ ফুটওয়্যারকে সহযোগিতা করছে বাংলাদেশে আলিবাবা ডট কম-এর অফিসিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল (Maximo International)।
গত ১ নভেম্বর ঢাকার উত্তরায় অবস্থিত স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার ও ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ও পরিচালক আয়মান জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “আলিবাবা ডট কম -এর মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া স্টেপ ফুটওয়্যারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আমাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আলিবাবা ডট কম- এর মতো আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মের সুযোগ কাজে লাগিয়ে স্টেপ ফুটওয়্যার ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড পরিচিতি প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারণের সুযোগ পাবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক বাজারে প্রবেশ, নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
দেশীয় উৎপাদন ও পণ্যের গুণগত মান আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরার প্রত্যয়ে স্টেপ ফুটওয়্যারের এ নতুন যাত্রা বাংলাদেশের ফুটওয়্যার শিল্পের বৈশ্বিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিভি/এআই













মন্তব্য করুন: