বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কতো?
জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে মূল্যস্ফীতি নিয়ে কাটেনি উদ্বেগ। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ২৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬ দশমিক ৯১ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৮ ডলারে লেনদেন হয়।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বর্তমানে তেলের দাম, মূল্যস্ফীতি এবং স্বর্ণের দামে মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি সরাসরি সম্পর্ক কাজ করছে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৫৩১ দশমিক ৯২ ডলার এবং প্যালাডিয়াম সামান্য পরিবর্তিত হয়ে ১ হাজার ২৯ দশমিক ৮৭ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
বিভি/টিটি













মন্তব্য করুন: