শনিবার সারা দেশে ব্যাংক খোলা
ফাইল ছবি
ঈদুল ফিতর উপলক্ষে লম্বা ছুটি পড়ে যাওয়ায় নগদ লেনদেনের সুবিধার্থে শনিবার সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপন মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত করা নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধু পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে অল্প লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এতে আরও বলা হয়, শনিবার সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। লেনদেন শেষে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনায় বলা হয়েছিল, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিভি/এইচএস



মন্তব্য করুন: