স্কুলে ভর্তিতে লটারি বাতিল, সাধারণ উপায়ে পরীক্ষার সিদ্ধান্ত
স্কুলে ভর্তি কার্যক্রমে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করাসহ আগামীতে সাধারণ উপায়ে পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকবে না। এর পরিবর্তে সহজ ও সাধারণ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, “সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। আমরা কোনো প্রতিযোগিতামূলক ব্যবস্থা আনতে চাই না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। দীর্ঘদিন গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মন্ত্রী আরও জানান, ভর্তি পদ্ধতি নির্ধারণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, “আমি একদিন আগে সংসদে বলেছি, অংশীজনদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। সেই প্রক্রিয়াই বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তও সেভাবেই নেওয়া হবে।”
লটারি পদ্ধতির সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলার মতো। ভর্তির ক্ষেত্রে লটারি কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যবস্থা হতে পারে না।”
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, “ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। প্রয়োজনে সরকার নিজ উদ্যোগে ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।”
এর আগে একই সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের (ভিসি) নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: