• NEWS PORTAL

  • বুধবার, ০১ এপ্রিল ২০২৬

ডুয়েটে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ১৬:১৭, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১৮, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ডুয়েটে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)  বর্তমানে অ্যাকাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুল। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ব্যবস্থা এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এমন এক রূপান্তর এনেছে, যা আমাদের প্রচলিত অ্যাকাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমরা এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিক্ষাখাতের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বস্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহারের বিকল্প নেই। ডুয়েটের কারিকুলাম, অ্যাকাডেমিক, প্রশাসনিকসহ সকলক্ষেত্রে পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আত্মীকরণের মাধ্যমে আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

উপাচার্য আরও বলেন, আজকের এ অনুষ্ঠান শুধু প্রথাগত উদ্বোধন অনুষ্ঠান নয়, বরং ল্যাবটির শুভযাত্রা শিক্ষাখাতে ইউজিসির প্রকল্প বাস্তবায়নে ডুয়েট শিক্ষকদের দায়িত্বশীলতা মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকার ও ইউজিসির তত্ত্বাবধানে বাস্তবায়িত এ ল্যাব সরকারি অর্থের যথার্থ ব্যবহারে ডুয়েটের স্বচ্ছতা ও আন্তরিকতার যুগান্তকারী উদাহরণ। ভবিষ্যতের উদ্ভাবন বিপ্লবে নেতৃত্বদানের জন্য ডুয়েটকে আরও টেকসই হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ল্যাবটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, নতুনভাবে যাত্রা শুরু করা এই ল্যাবটি ডুয়েটের উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমকে যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পলিসি মেকিং ও ইমপ্লিমেন্টেশনে এ ল্যাব দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রসমূহে কার্যকর ভূমিকা রেখে ডুয়েটের ভবিষ্যৎ অবদানকে আরও উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সাহিদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ডুয়েটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাবটি হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত বাংলাদেশের এ সংক্রান্ত প্রথম ল্যাব। দেশের শিক্ষাখাতে জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জন এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী টেকনিক্যাল এডুকেশন সেক্টর সংস্কার করে বৈশ্বিক চাহিদা পূরণের উপযোগী করতে পলিসি প্রণয়নে ল্যাবটি ভূমিকা রাখবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত