চাকসু নেতার ওপর হামলা, রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা ব্লেড ও ক্ষুর দিয়ে আঘাত করে এবং তার গলার রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) হাটহাজারী ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, কিছুদিন আগে হাটহাজারী পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আকবর হুসাইনের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আসেন। সে সময় তার বাইকের সঙ্গে রাজ মাহমুদ নামে এক চবি শিক্ষার্থীর দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য আরিফুলকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়। বিষয়টি মীমাংসা করে দেন মাসুম বিল্লাহ। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য চাকসুর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, বাইকে তেল নিতে ফিলিং স্টেশনে গেলে কয়েকজন মিলে মাসুম বিল্লাহকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার ওপর ব্লেড ও ক্ষুর দিয়ে হামলা চালানো হয় এবং গলার রগ কাটার চেষ্টা করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: