• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রদল-ছাত্রশিবির

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৯:০২, ৩ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রদল-ছাত্রশিবির

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছুদের সহায়তায় এগিয়ে আসে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই দুই সংগঠন আলাদা স্থানে সহায়তা কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সেবা প্রদান করে।

নজরুল ভাস্কর্যের সামনে ছাত্রদলের হেল্পডেস্কে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ সংরক্ষণ, পানি বিতরণ এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়। অন্যদিকে অগ্নিবীণা হলের সামনে ছাত্রশিবিরের স্টলে কলম ও পানি বিতরণের পাশাপাশি টোকেন পদ্ধতিতে ব্যাগ ও মোবাইল সংরক্ষণ এবং অভিভাবকদের জন্য ছাউনির ব্যবস্থা করা হয়।

এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুদের সঙ্গে আসা অভিভাবকরাও। নেত্রোকোণা থেকে আগত এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের এই সহায়তামূলক কার্যক্রম তাদের ভোগান্তি অনেকটা কমিয়েছে এবং স্বস্তিতে অপেক্ষা করার সুযোগ তৈরি করেছে।

ছাত্রশিবিরের শাখা সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, প্রতিবারের ন্যায় এবারও নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা পরীক্ষার্থীদের জন্য ১ হাজার বোতল পানি ও ১ হাজার কলম বিতরণের চেষ্টা করেছি। তাদের ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন টোকেন সিস্টেমের মাধ্যমে সংরক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। অভিভাবকদের বসার জন্য অভিভাবক ছাউনি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিরাপদে জমা রাখার ব্যবস্থা করেছি এবং তাদের জন্য পানি ও কলম সরবরাহ করা হয়। নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,১০৭ জন উপস্থিত ছিলেন, যা উপস্থিতির হার ৮৭.১৬ শতাংশ।

বিভি/এজেড

মন্তব্য করুন: