এক বিজ্ঞপ্তিতে ১০ ভুল!
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি বিজ্ঞপ্তিতে বিভাগ ও হলের নামসহ মোট ১০টি ভুল পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির মূল লেখায় চারটি বানান ভুল দেখা যায়। বিজ্ঞপ্তির ২য় ও ৩য় লাইনে ‘গুচ্ছভূক্ত’, ‘শিক্ষাবষের্র’, ‘অনুষ্টিত’ ও ‘লক্ষে’ শব্দগুলো ভুলভাবে লেখা হয়েছে। বাংলা একাডেমি অনুযায়ী সঠিক বানান হবে যথাক্রমে ‘গুচ্ছভুক্ত’, ‘শিক্ষাবর্ষের’, ‘অনুষ্ঠিত’ ও ‘লক্ষ্যে’।
এছাড়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পদবীতেও ভুল রয়েছে। সেখানে ‘রেজিস্ট্রার (ভারপাপ্ত)’ লেখা হলেও সঠিক হবে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’।
বিজ্ঞপ্তির অনুলিপিতে আরও পাঁচটি ভুল পাওয়া যায়। অনুলিপির ৩ নম্বরে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম এন্ড মিডিয়া বিভাগ’ উল্লেখ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কোনো বিদ্যমান বিভাগের নাম নয়। প্রকৃত নাম যথাক্রমে ‘লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ’ এবং ‘ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’।
এছাড়া অনুলিপির ৫ নম্বরে ‘শিউলিমালা মুজিব হল’ লেখা হয়েছে, যদিও হলটির সঠিক নাম ‘শিউলিমালা হল’। অনুলিপির ১৬ ও ১৭ নম্বরে দুই কর্মকর্তার পদবীতে ‘ডেপুটি চিপ’ ও ‘টিএসটু ভিসি’ লেখা হয়েছে, যা সঠিকভাবে হবে ‘ডেপুটি চিফ’ ও ‘পিএস টু ভিসি’। একই সঙ্গে ১৬ নম্বরের একই লাইনে ‘মেডিকেল’ ও ‘মেডিক্যাল’—দুটি ভিন্ন বানান ব্যবহার করা হয়েছে, যা লেখার অসামঞ্জস্য নির্দেশ করে।
এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তরের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আমিনুল ইসলাম বলেন, “আসন-বিন্যাস কমিটি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলায় সম্ভবত গত বছরের ফরম্যাট ব্যবহার করে কেবল লেখা পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে। তাড়াহুড়োর কারণে এসব ভুল নজরে আসেনি। আমরা দ্রুত সংশোধন করব।”
বিভি/পিএইচ



মন্তব্য করুন: