• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

জবিতে ‘ভাইস চ্যান্সেলর`স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান

প্রকাশিত: ০৮:১৬, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:১৭, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জবিতে ‘ভাইস চ্যান্সেলর`স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন  অধ্যাপক ড. নিস্তার জাহান

ছবি: অধ্যাপক শাহ নিস্তার জাহান কবীর (সংগৃহীত)

জবিতে ‘ভাইস চ্যান্সেলর'স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সই করা এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৩ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিমে’ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ ‘দে আর আস: ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভ চ্যালেঞ্জড ইন নিউজিল্যান্ড নিউজ পেপারস কভারেজের’ জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

গবেষণাটিতে পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের উপস্থাপনার প্রচলিত ‘ওরিয়েন্টালিস্ট’ দৃষ্টিভঙ্গির একটি সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

‎গবেষণায় আরও উঠে এসেছে যে, সরাসরি সংবাদ প্রতিবেদনে অনেক সময় প্রচলিত নেতিবাচক ফ্রেম দেখা গেলেও সম্পাদকীয়, মতামতধর্মী লেখা ও পাঠকের চিঠিতে সেই ধারণার বিপরীতে মানবিক ও ইতিবাচক উপস্থাপন লক্ষ্য করা যায়। এর মাধ্যমে গণমাধ্যমের অভ্যন্তরীণ দ্বৈততা এবং বৈশ্বিক সংবাদ প্রবাহের প্রভাবও বিশ্লেষণ করা হয়েছে, যা এই গবেষণাকে অন্যান্য গবেষণা থেকে আলাদা করেছে।

‎এ বিষয়ে গবেষক অধ্যাপক শাহ নিস্তার জাহান কবীর গণমাধ্যমকে বলেন, ‘২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ৫১ জন মুসলিম হত্যার ঘটনা বিশ্ব গণমাধ্যমে মুসলিমদের উপস্থাপন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করে। সেই প্রেক্ষাপট থেকেই তার গবেষণাটি পরিচালিত হয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

আগামী বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিভি/এআই

মন্তব্য করুন: