• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নববর্ষ উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ১৫:৪৯, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নববর্ষ উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন শাখা সভাপতি মুস্তাকিম আহমেদ। উপস্থিত ছিলেন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, উৎসব উপলক্ষে স্থাপিত স্টলে বিভিন্ন ধরনের বই, ডায়েরি, ক্যালেন্ডার, চাবির রিং, স্টিকার এবং অন্যান্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও ক্যাম্পাসের টেনিস গ্রাউন্ডে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে এ ধরনের প্রকাশনা উৎসব তাদের কাছে ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে। তারা মনে করেন, শুধু রাজনৈতিক কার্যক্রমের বাইরে এসে এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক উন্মোচন করে।

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু ওবায়দা মোহাম্মদ রাফি বলেন, ছাত্রশিবিরের বিভিন্ন বই, ডায়েরি, চাবির রিং ও ক্যালেন্ডারসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শিত হচ্ছিল, যা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। তাদের এ ধরনের সৃজনশীল আয়োজন আমার কাছে ভালো লেগেছে। স্টল ঘুরে তাদের প্রকাশিত বইগুলো দেখে সত্যিই অভিভূত হয়েছি।

বিগত সময়গুলোতে আমরা ক্যাম্পাসে একক আধিপত্যের কারণে অন্যান্য ছাত্রসংগঠনের কার্যক্রম সীমিত হতে দেখেছি। তবে বর্তমানে সকল ছাত্রসংগঠনই তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারছে, যা একটি ইতিবাচক পরিবর্তন বলে জানান ওই শিক্ষার্থী।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন, সাধারণত বছরের প্রথম মাসেই এই আয়োজন করা হয়। তবে নির্বাচনের কারণে এ বছর কিছুটা বিলম্ব হয়েছে। ৫ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে একযোগে এ প্রকাশনা উৎসব চলছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন হিসেবে মিটিং-মিছিলেই সীমাবদ্ধ নয়; বরং সৃজনশীল ও গঠনমূলক কাজেও আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমাদের যে কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেগুলো আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: