শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু মেলা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও সাংস্কৃতিক বিকাশে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। তিনি শিশুদের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রতিভার প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের এমন আয়োজনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে শিশুদের বিকাশে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাহমিনা মল্লিকের উদ্যোগে শিশু মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, চিত্রাঙ্কন, হস্তশিল্প, বই প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বিভি/জোহা













মন্তব্য করুন: