ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ভবন উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’ ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভালো স্কুলে পড়াশোনার জন্য ক্যাম্পাসের বাইরে দূরে অবস্থান করতে হয়। তাদের ক্যাম্পাসমুখী করতে পারলে বিশ্ববিদ্যালয় আরও বেশি সেবা নিতে পারবে।
তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্যই এ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এলাকাবাসীর সন্তানরাও এখানে ভর্তি হতে পারবেন। প্রতিষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সবাই সমান সুযোগ পাবে।

স্কুলের বর্তমান অবস্থা তুলে ধরে উপাচার্য বলেন, ‘এই স্কুলে বর্তমানে পাঁচজন শিক্ষক পাঠদান করছেন। তারা অবৈতনিকভাবে পাঠদান করছেন। তাদের যদি আমরা বেতন না দিই, তাহলে তাদের কাছ থেকে মানসম্মত শিক্ষা কীভাবে আশা করব? তাই শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ ও আবেদন করে ইতোমধ্যেই অনুমোদন নিয়েছি। আশা করি, দ্রুতই সরকারিীকরণ সম্ভব হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।
এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তা, উচ্চতর ব্যাংক কর্মকর্তা এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ভবন উদ্বোধন শেষে স্কুল অ্যান্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য, পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত ভবনটির আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: