• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক পরিচয়ে হলের সিট দেওয়া বন্ধসহ ৮ দাবিতে শিবিরের

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজনৈতিক পরিচয়ে হলের সিট দেওয়া বন্ধসহ ৮ দাবিতে শিবিরের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ ও প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া বন্ধসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল রাফিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবিরের অন্য দাবিগুলো হলো—সব আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, মেধা ও জ্যেষ্ঠতাসহ সব নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ নিশ্চিত করা, সিট বণ্টনের তালিকা প্রকাশ, ক্যাম্পাস ও হলগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক অপচর্চামুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, হলের ডাইনিংয়ে সুষম খাবার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং সাজিদ আব্দুল্লাহ ও শিক্ষিকা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের কর্মীদের হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগ তুলে শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, অধিকাংশ হলে যথাসময়ে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। সীমিত পরিসরে যে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে, সেখানেও বৈষম্য করা হচ্ছে। ছাত্রদলের দেওয়া তালিকা অনুযায়ী এসব সিট বরাদ্দ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি জিয়া হলে বৈধ সিট না থাকা সত্ত্বেও এক ছাত্রদল সদস্যের দীর্ঘদিন অবস্থানসহ অন্যান্য হলেও অবৈধভাবে অবস্থানের বিষয়টি শিক্ষার্থীদের সামনে এসেছে।

ইউসুফ আলী আরও বলেন, আবাসিক হল কোনো রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তার কিংবা দলীয় লোকজনকে নিয়মবহির্ভূতভাবে আশ্রয় দেওয়ার জায়গা হতে পারে না। হলের সিট একজন শিক্ষার্থীর অধিকার। মেধা ও জ্যেষ্ঠতাসহ সব নীতিমালা অনুযায়ী সেই অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

এ ছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

শিবির সভাপতি বলেন, তাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: