অস্কারজয়ী অভিনেতা ও ‘দি গডফাদার’ এর তারকা রবার্ট ডুভাল আর নেই
অস্কারজয়ী অভিনেতা ও ‘দ্যা গডফাদার’ এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত রবার্ট ডুভাল ৯৫ বছর বয়সে মারা গেছেন। তার স্ত্রী লুসিয়ানা ডুভাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ খবর জানান।
সোমবার এক বিবৃতিতে লুসিয়ানা ডুভাল বলেন, তার অসংখ্য চরিত্রের প্রতিটির জন্য বব তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন। চরিত্রগুলো যে মানবিক সত্য তুলে ধরেছে, তার প্রতিও তিনি ছিলেন গভীরভাবে নিবেদিত।
ডুভাল দৃঢ় ও প্রভাবশালী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে খ্যাত ছিলেন। দ্যা গডফাদারে তিনি করলিওনে মাফিয়া পরিবারের উপদেষ্টা টম হেগেনের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান।
এ ছাড়া তিনি ‘দ্যা গ্রেট সানটিনি’তে লেফটেন্যান্ট কর্নেল বুল মিচাম এবং ‘স্ট্যালিন’-এ নাম ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি ‘টেন্ডার মার্সিস’ ও ‘দ্যা অ্যাপোসল’-এ ভগ্ন ও পতিত চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়শক্তির ভিন্ন মাত্রা তুলে ধরেন।
হলিউডের এই কিংবদন্তিকে স্মরণ করে শোকবার্তা জানিয়েছেন অনেকেই। সাবেক সহশিল্পী অ্যাডাম স্যান্ডলার তাকে “আমাদের সময়ের সেরা অভিনেতাদের একজন” বলে উল্লেখ করেন। আর ‘দ্যা সপ্রানোস’ এর তারকা মাইকেল ইম্পেরিওলি তাকে “সেরাদের একজন” এবং “অভিনেতাদের অভিনেতা” হিসেবে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক অ্যাডমিরাল ও এক শৌখিন অভিনেত্রীর সন্তান ডুভাল মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপোলিসে বেড়ে ওঠেন। ইলিনয়ের প্রিন্সিপিয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্ক শহরে গিয়ে তিনি ডাস্টিন হফম্যানের সঙ্গে একই বাসায় থাকতেন। অভিনয়ে সংগ্রামের দিনগুলোতে তার সঙ্গে জিন হ্যাকম্যানের বন্ধুত্ব গড়ে ওঠে।
বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে কাজের পর ডুভাল বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ‘টু কিল এ মকিংবার্ড’ এ রহস্যময় নির্জনবাসী বুউ র্যাডলির চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
চলচ্চিত্রটির চিত্রনাট্যকার হর্টন ফুউট তার একটি নাটকে ডুভালের অভিনয় পছন্দ করেছিলেন এবং তার সুপারিশেই তিনি এ চরিত্রটি পান। পরবর্তীতে ফুউট ‘টেন্ডার মার্সিস’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন। ১৯৮৩ সালে ভগ্নপ্রায় এক কান্ট্রি সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করে ডুভাল সেরা অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করেন।
ডুভাল আরও ছয়বার অস্কারের জন্য মনোনীত হন। এর মধ্যে ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘অ্যাপোকালিপ্স নাও’ এ তার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে তিনি অদ্ভুত স্বভাবের, সার্ফিংপ্রেমী লেফটেন্যান্ট কর্নেল বিল কিলগোরের চরিত্রে অভিনয় করেন।
সব মিলিয়ে ডুভাল প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হলিউডের প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি নিজেও চলচ্চিত্র নির্মাণে হাত দেন। ‘দ্যা অ্যাপোসল’ চলচ্চিত্রটি তিনি নিজে লিখেছেন, পরিচালনা করেছেন এবং এতে অভিনয় করে অস্কার মনোনয়নও পেয়েছেন। ছবিটি এক দ্বিধাগ্রস্ত ধর্মযাজকের জীবনের গল্প।
এছাড়া তিনি ‘অ্যাসসাসিনেশন ট্যাঙ্গো’ নির্মাণ করেন, যেখানে তার ট্যাঙ্গো নৃত্যের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার প্রতি অনুরাগ ফুটে ওঠে। সেখানেই তার চতুর্থ স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার সঙ্গে তার পরিচয় হয়।
জীবনের শেষভাগে ডুভাল সময় ভাগ করে কাটাতেন লস অ্যাঞ্জেলেস, আর্জেন্টিনা এবং ভার্জিনিয়ার একটি খামারবাড়িতে। ভার্জিনিয়ার সেই খামারের গোয়ালঘরটি তিনি ট্যাঙ্গো নাচের হল হিসেবে রূপান্তর করেছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: