পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি বাংলাদেশ: চঞ্চল চৌধুরী
ছবি: চঞ্চল চৌধুরী (সংগৃহীত)
পর্দায় যেমন নিপুণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি কলকাতায় এক আড্ডায় দুই বাংলার চলচ্চিত্র জগতের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন তিনি। সেখানে তিনি জানান, বাংলাদেশ এখনো একটি পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেনি।
চঞ্চল চৌধুরীর মতে, দুই বাংলার কাজের পরিবেশের যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সবকিছু খুব ছকবাঁধা এবং পেশাদার। শুটিং কতো দিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সবকিছুই আগে থেকে স্পষ্ট থাকে। আমাদের এখানে সেই জায়গায় ঘাটতি রয়েছে।’
‘বাংলাদেশ এখনও পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। এটা আমাদের নেতিবাচক দিক। পশ্চিমবঙ্গে আবার সবটা খুব পেশাদার। ক’দিনের মধ্যে শুটিং শেষ করতে হবে, তা প্রথম থেকেই স্পষ্ট করে দেওয়া হয়। বাজেট সংক্রান্তও স্বচ্ছ ধারণা থাকে।’
তিনি জানান, কোনো ছবির খরচ জোগাড় করতে নির্মাতাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তার কথায়, ‘আমি নিজেও ১ কোটি থেকে শুরু করে ১০ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছি। এই যে বাজেটের কোনো নির্দিষ্ট সীমা নেই, এটা আমাদের অন্যতম নেতিবাচক দিক।’
তিনি আরও বলেন,‘সারা বিশ্বেই বাংলা ছবির এমনিতেই বড় সংখ্যক দর্শক। সেই দর্শকের জন্য আমাদের একসঙ্গে বড় বড় কাজ করা উচিত।’
উল্লেখ্য, ব্রাত্য বসুর ‘শেকড়’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। গত বছর শান্তিনিকেতনে ছবির শুটিং করেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছবিতে পরীমণির সঙ্গেও অভিনয় করছেন তিনি।
বিভি/এআই



মন্তব্য করুন: