• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ  

প্রকাশিত: ১৯:৫৯, ৩ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ  

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ফেসবুক লাইভে এসে অভিযোগ জানিয়েছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। অথৈর দাবি, দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে অকারণে মারধর করেন। 

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নিকটস্থ মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিনেত্রী অথৈ।  

পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে এমন অনাকাঙিক্ষত ঘটনা ঘটে। মানিকগঞ্জে চলছিল নাটকটির শুটিং। সেটে হঠাৎই সহশিল্পীকে অকারণে শারীরিকভাবে সজোরে আঘাত করেন তিশা।

ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈকে অঝোরে কাঁদতে দেখা যায়। কেঁদে কেঁদে তিনি বলেন, আমি এভাবে কখনো লাইভে আসি না। আমার সাথে যা ঘটেছে আমার মনে হয় সবাইকে জানানো উচিত। আজ মানিকগঞ্জে আমার প্রথম শুটিং ছিলো। শুটিংয়ে স্ক্রিপ্টের বাইরেই তিশা আপু মারধর করেন। আমাকে সজোরে খামচি দেয়া হয়, এতে আমার হাত ছুলে রক্ত বের হচ্ছে।

অথৈ আরও বলেন, স্ক্রিপ্টে উনাকে আমার একটা থাপ্পর মারার দৃশ্য ছিলো। আমি টেকনিক্যালি ওনাকে আস্তে করেই থাপ্পর মারি। কিন্তু এরপরই তিনি এমনভাবে আমাকে জোরে জোরে গালের মধ্যে চড় মারতে থাকেন যে আমার চোখ মুখ ফুলে গেছে। যাই হোক আমি ঢাকায় চলে যাচ্ছি। শুটিংয়ের সিকিউরিটিকে আমি বিষয়টি জানাবো বলে ঠিক করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মূলত ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে। 

অভিনেত্রী সামিয়া অথৈ বলেন, প্রথম দিনের শুটিং ছিলো। তিশা আপুর জন্য একটি সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিলো। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইলো- তোমাকে এভাবে মারলো কেন? এক পর্যায়ে বলি, এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম, তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে- ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।

সামিয়া অথৈ বলেন, তিশা আপু শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করবো না জানতে চাইলে জবাবে তিনি বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটি এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা তা জানি না আমি।

প্রসঙ্গত, ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি। এদিকে অভিযুক্ত তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: