• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে ভিডিও বার্তায় যা জানালেন আলভী

প্রকাশিত: ২১:৩৪, ২ মার্চ ২০২৬

আপডেট: ২১:৩৭, ২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে ভিডিও বার্তায় যা জানালেন আলভী

স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। অভিযুক্ত হওয়ার পর এই প্রথম ভিডিও বার্তায় মুখ খুলেছেন তিনি, নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন তিনি আড়ালে আছেন, তাও জানান আলভী। সোমবার (২ মার্চ) ভিডিও বার্তায় অভিনেতা জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি কখনোই জনসম্মুখে অতিরিক্ত আলোচনা করতে চাননি।

তিনি বলেন, আমি আসলে কখনোই চাইনি যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে আপনাদের সঙ্গে বড় কোনো আলোচনা করতে। আমার স্ত্রী ইকরা, যেহেতু সে এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্লারিফিকেশন বা আলোচনা করার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়েছে। আমি সবসময়ই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার ঘরেই রাখতে চেয়েছি।

ইকরার মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে আলভী বলেন, আমি আসলে কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় বা পরিস্থিতিতে নেই। ওর (ইকরার) মৃত্যু আমাকে যে ট্রমা দিয়েছে, সেটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু মনে হয় আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটা বিচার করছেন। আপনারা আপনারা মনের মতো যা খুশি বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ পড়বেন না, সেটা তো হয় না।

বর্তমানে দেশের বাইরে থাকা এই অভিনেতা কেন দেশে ফিরছেন না, তার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি তৈরি করেছেন? আমি দেশে আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে, আপনরা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এতো হুমকি আসে যে আমি বলে বোঝাতে পারবো না।

তিনি আরও বলেন, এয়ারপোর্টের বাইরে লোকজন প্রস্তুত আছে। আমি গেলেই তারা আমাকে মারবে, মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে সেটা ভিন্ন কথা, আমি তা আইনগতভাবে মোকাবিলা করবো। কিন্তু এখন যদি আমি মারা যাই, তাহলে আমার বাচ্চার কী হবে?

বিভি/পিএইচ

মন্তব্য করুন: