অডিশনেই বাজিমাত! ‘ছোট্ট’ সারাকেই কেন বানানো হয়েছিল ধুরন্ধরের নায়িকা?
২০২৫ সালের অন্যতম সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল ধুরন্ধর । রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পায় ধুরন্ধর ২। কিশোরী বয়সী সারার সঙ্গে রণবীরের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে। প্রথম পর্ব মুক্তির আগেই বয়সের বিস্তর ফারাক নিয়ে রণবীরকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
তবে ছবি মুক্তির পর নিন্দুকদের সব জল্পনা উড়িয়ে দিয়ে আদিত্য ধরের এই ছবি রেকর্ড ব্যবসা করে। দ্বিতীয় পর্বেও সেই সাফল্যের ধারাই বজায় রয়েছে, আর ধুরন্ধর ২-এর বিজয়রথ ছুটে চলেছে সমান গতিতে। বিশেষ করে ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকের মনে গভীর দাগ কেটেছে। জানা গেছে, এই চরিত্রের জন্য কয়েক হাজার মেয়ের অডিশন নেওয়া হয়েছিল, যার মধ্যে শেষ পর্যন্ত চূড়ান্ত হন সারা অর্জুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারার কাস্টিংয়ের নেপথ্যের গল্প শোনান। তিনি জানান, এই চরিত্রের জন্য শুরু থেকেই নতুন মুখের খোঁজ চলছিল। প্রথমে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভাবা হয়েছিল। আদিত্য ধর এবং মুকেশ ছাবড়া—দুজনের কাছেই বহু অভিনেত্রীর মেসেজ এসেছিল। যারা অডিশনে চূড়ান্ত হতে পারেননি, তাদের একাংশ কারণ জানতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গেই মুকেশ জানান, রণবীর সিং-এর মতো সুপারস্টারের পাশে একেবারে নতুন মুখকেই চাইছিলেন তারা।
মুকেশ ছাবড়া বলেন, তাদের মূল লক্ষ্য ছিল এমন একজন মেয়েকে খুঁজে বের করা, যাকে দেখে দর্শকদের একেবারে নতুন মনে হবে এবং যার কোনও পরিচিত ব্যাকগ্রাউন্ড থাকবে না। অভিনয়ের সময় যেন মনে হয়, সে প্রথমবার এই চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছে। সারার অডিশনের কথা বলতে গিয়ে তিনি জানান, অডিশনের স্ক্রিপ্টে একটি সংলাপ ছিল—“আপনি কি ভারতের কোনও এজেন্ট?” সারা সেই সংলাপ বলার সঙ্গে সঙ্গেই তিনি ভিডিওটি আদিত্য ধরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে আদিত্য জানতে চান, “এই মেয়েটা কে?” উত্তরে মুকেশ জানান, সারা আগে শিশুশিল্পী হিসেবে কয়েকটি কাজ করেছে এবং কয়েকটি বিজ্ঞাপনের মুখ ছিল।
তিনি আরও বলেন, প্রথমদিকে তাদের মনে হয়েছিল রণবীর সিং-এর পাশে সারা একটু খাটো দেখাতে পারে। কিন্তু পরে তারা বুঝতে পারেন, এই জুটিই ছবির জন্য সবচেয়ে উপযুক্ত হবে। সারার অডিশন এতটাই ভাল ছিল যে শেষ পর্যন্ত তাকেই চূড়ান্ত করা হয়। সূত্র: দ্য ওয়াল
বিভি/এজেড



মন্তব্য করুন: