• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

প্রকাশিত: ২০:২৯, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক

ছবি: ফেসবুক

শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাচ্ছেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।”

এর আগে এদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে—পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি করা যাবে না। এ ধরনের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে তিনি অভিযোগ করেন। তবে তাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা। এ কারণে বাধার মুখে পড়লে ব্যবসা বন্ধ করে বিদেশে ফিরে যাওয়ার কথাও জানান তিনি।

এনামুল হাসান আরও বলেন, তাদের ফোন করে ভয় দেখানো হচ্ছে যে, সব শোরুম বন্ধ করে দেওয়া হবে যদি ভিডিও ডিলিট না করা হয়। তিনি দাবি করেন, তারা কোনো ভিডিও করেননি; একজন গ্রাহক ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছেন, সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের আয়-ব্যয় থেকে প্রাপ্ত অর্থ গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি তারা কম মূল্যে পণ্য বিক্রি করে থাকে এবং তাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পুনর্বাসিত ব্যক্তিরা কাজ করছেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকার তাদের মতো ব্যবসায়ীদের সহযোগিতা করে না, বরং বড় ব্যবসায়ীরা সুবিধা পায়। এ সময় তিনি সিন্ডিকেটের চাপ ও হয়রানির কারণে ব্যবসা বন্ধ করে বিদেশে যাওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান জোরপূর্বক বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: