• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

‘অস্বস্তির প্রশ্নই আসে না, সুরক্ষা দিয়েছেন শাকিব খান’

প্রকাশিত: ১৯:৫২, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৩, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
‘অস্বস্তির প্রশ্নই আসে না, সুরক্ষা দিয়েছেন শাকিব খান’

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’–এর বিশেষ প্রদর্শনীকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তীব্র আলোচনা-সমালোচনা চলছে, তখন নিজের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিনেতা শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’–এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। ওই মুহূর্তের কিছু আচরণ নিয়ে নেটমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়, এমনকি ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও উঠে।

তবে জ্যোতির্ময়ী এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি গণমাধ্যমকে বলেন, “বিষয়টি খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়ানোর জায়গাও সীমিত। মিডিয়ার পক্ষ থেকে শাকিব খানের সঙ্গে ছবি তুলতে বলা হয়েছিল। সেই সময় তিনি আমাদের সুরক্ষা করেছিলেন।”

ঘটনাটির উপস্থাপন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মিলছে না।”

বিতর্কের যৌক্তিকতা নিয়েও তিনি মন্তব্য করেন, “যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইতো, তাহলে কি সে এতগুলো ক্যামেরার সামনে তা করতো? আমার মনে হয়, বিষয়টি যথেচ্ছভাবে বড় করে বলা হচ্ছে।”

নায়কের আচরণে অস্বস্তি পেয়েছিলেন কি না—এমন প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, “অস্বস্তির প্রশ্নই আসে না। ভিড়ের কারণে দাঁড়ানোই কঠিন ছিল। একজন কো-আর্টিস্ট হিসেবে অন্যকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।”

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট অবস্থান নেন। “এত ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি সেটা সহ্য করবো—এটা কি সম্ভব? এটি কখনোই ব্যাড টাচ বা খারাপ উদ্দেশ্য ছিল না।”

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। বলেন, “তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব ভালো। কিন্তু কিছু মানুষ বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছেন, যা দুঃখজনক।”

সবশেষে জ্যোতির্ময়ী বলেন, “নরমাল বিষয়কে ভিন্নভাবে ছড়ানো ঠিক নয়। এটার কোনো বাস্তবতা নেই। অযথা মশলাদার গল্প তৈরি করার প্রয়োজন নেই। সবাইকে নিজের মতো থাকতে দিন।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: