• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চোখের সামনে রাহুলকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত শ্বেতা

প্রকাশিত: ১৬:৩৪, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চোখের সামনে রাহুলকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত শ্বেতা

গত ২৯ মার্চ উড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই একই দুর্ঘটনায় রাহুলের সঙ্গে পানিতে তলিয়ে গিয়েছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র। শ্বেতাকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হলেও, রাহুলকে বাঁচানো যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রায় এক ঘণ্টা জলের তলায় ছিলেন তিনি। এই ভয়াবহ ঘটনার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি শ্বেতাকে। তবে এবার অভিনেত্রীর বর্তমান অবস্থা এবং তার অবস্থান নিয়ে মুখ খুলল পরিবার।

শ্বেতার পরিবারের তরফে জানানো হয়েছে, সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতিতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন অভিনেত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শ্বেতা যাতে কোনওরকম মানসিক চাপে না পড়েন, তাই তার মোবাইল ফোনটি তার কাছ থেকে সরিয়ে নিয়েছে পরিবার। আপাতত তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই পরিবারের প্রধান লক্ষ্য।

ঘটনার সময় উপস্থিত অনেক অভিনেতা-কলাকুশলী যখন এই বিষয়ে মুখ খুলতে ইতস্তত করছেন, তখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নীরবতা ভেঙেছেন শ্বেতা। তিনি আর্টিস্ট ফোরামের সেই নোটিশটি শেয়ার করেছেন, যেখানে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাছে দুর্ঘটনার কৈফিয়ত চাওয়া হয়েছে। এর মাধ্যমেই স্পষ্ট যে, সহকর্মী তথা ঘনিষ্ঠ বন্ধু রাহুলের মৃত্যুর বিচারে তিনিও প্রিয়াঙ্কা সরকারের সুরেই সুর মেলাচ্ছেন। এর আগে রাহুলের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, "ভালো থেকো..."।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বেতা একটু সুস্থ হলেই তিনি নিজে সংবাদমাধ্যম এবং আইনজীবীদের সামনে নিজের বয়ান দেবেন। রাহুলের প্রতি নিজের কর্তব্য তিনি পালন করবেন— এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে তার পরিবার। 

ইতোমধ্যেই আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে কলকাতার রিজেন্ট পার্ক থানায় ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অন্যদিকে, প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা করেছেন। আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেই প্রতিবাদী মিছিলে শ্বেতার এই ভার্চুয়াল সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নেটিজেনরা।

বিভি/জোহা

মন্তব্য করুন: