• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

অ্যাওয়ার্ড শো-তে রাজপাল যাদবকে অপমান, পাশে দাঁড়ালেন সালমান খান

প্রকাশিত: ১৯:২৫, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
অ্যাওয়ার্ড শো-তে রাজপাল যাদবকে অপমান, পাশে দাঁড়ালেন সালমান খান

মঞ্চে প্রকাশ্যে অভিনেতা রাজপাল যাদবকে অপমান করার অভিযোগ। সেই নিয়ে শোরগোলের মধ্যেই শিল্পীর পাশে দাঁড়ালেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। রাজপালের অপমানের জবাব দিলেন তিনি। আর তার পদক্ষেপর প্রশংসা করেছেন নেটিজেনরা। 

স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬  থেকে বিতর্কের সূচনা। অন্য তারকাদের সঙ্গে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপালও। সেখানে রাজপালের উদ্দেশে বিশেষ টিপ্পনি করেন সাংবাদিক সৌরভ দ্বিবেদী। ঋণখেলাপি মামলার উল্লেখ করে বলেন, “রাজপাল ভাই ডলারের উত্থান-পতন যতই হোক না কেন,যত টাকার ঋণ নিয়েছিলেন, তত টাকাই ফেরত দিতে  হবে আপনাকে।” 

ওই মশকারাতে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন রাজপাল। কয়েক মুহূর্ত সময় নিজেকে গুছিয়ে নিয়ে তারপর তিনি বলেন, “সমস্যাটা জানতে হবে তো! আমি তো শোনাতেই চাই!” কথোপকথনের ওই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। রাজপালের উদ্দেশে সৌরভের মন্তব্য ‘অপমানসূচক’ এবং ‘অসংবেদনশীল’ বলে দাবি করেন নেটিজেনরা। যে সুরে রাজপালের উদ্দেশে ওই মন্তব্য করা হয়, তাও ভালো ভাবে নেননি অনেকে।

সেই নিয়ে কাটাছেঁড়ার মাঝেই সোশ্যাল মিডিয়ায় রাজপালের সমর্থনে মুখ খোলেন সালমান। লেখেন, ‘রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আমরা বার বার আপনাকে নিয়েছি, কারণ আপনি কাজ জানেন এবং তাতে মূল্য যোগ করেন। কাজ আপনি অনেক পাবেন, ডলারের এই রেটেই কাজ পাবেন এবং আগামী দিনেও পেতে থাকবেন। এটাই সত্য’। 

রাজপালের পাশে দাঁড়িয়ে ভাইজান আরও লেখেন, ‘মনে রাখবেন, কখনও কখনও কিছু কথা মুখ ফস্কে বেরিয়ে যায়। কিছু যদি দিতেই হয়, তা মাথায় রাখুন, মন দিয়ে কাজ করুন। ডলার উপরেই যাক বা নীচে, কী আর হবে? শেষ পর্যন্ত টাকা তো ভারতেই খরচ হবে’। সালমানের সমর্থন পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজপালও। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'ভাই, আমাদের ৩০ বছরের যাত্রাপথকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। বড় দাদার মতো আপনি বরাবর রাস্তা দেখিয়েছেন। ভালবাসি আপনাকে। প্রণাম নেবেন'।

বিতর্কে মুখ খুলেছেন খোদ রাজপালও। তিনি জানান, ওই অনুষ্ঠানে টিকা-টিপ্পনি চলছিলই। সেই মেজাজেই তাঁর উদ্দেশে ওই টিকা-টিপ্পনি করা হয়। তবে সৌরভ দ্বিবেদী এবং জাকির খান তার ভাইয়ের মতো, তাদের আক্রমণ না করাই উচিত বলে ভিডিও বার্তা দেন রাজপাল।

ঋণ বিতর্কে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন রাজপাল। ২০১০ সালে প্রথম বার পরিচালনায় হাত দেন তিনি। ‘আতা পতা লাপতা’ ছবির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, যার দরুণ ঋণের টাকা মেটাতে পারেননি রাজপাল। সুদ, জরিমানা মিলিয়ে সেই ঋণের অঙ্ক পৌঁছে যায় ৯ কোটি টাকায়। চেক বাউন্সের অভিযোগও ছিল রাজপালের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাসে শেষ পর্যন্ত জেলে যেতে হয় তাকে। ঠাঁই হয় তিহাড় জেলে। ১.৫ কোটি টাকা জমা দিয়ে পরে জামিন পান রাজপাল। সেই সময় সালমানসহ অনেকেই তার সাহায্যে এগিয়ে এসেছিলেন। এখনও সেই মামলা চলছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: