মিস ইন্টারকন্টিনেন্টালের অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হলেন ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন
বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। রবিবার (২৬ জুলাই) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড অ্যাক্টিভেশন প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ এবং ঈশায়া তাহসিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গাজী টেলিভিশন (জিটিভি)। প্রতিযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ অনুষ্ঠান এবং সম্প্রচার কার্যক্রমে প্রতিষ্ঠানটি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।
চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন প্রতিযোগিতার ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ কার্যক্রম এবং গণমাধ্যমে উপস্থাপনাসহ বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর উপস্থিতি এবং গণমাধ্যমে যোগাযোগ কৌশল বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
চুক্তিতে ইমেকার্স বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) নূর সিবা এবং অপর পক্ষে স্বাক্ষর করেন ঈশায়া তাহসিন।
ইমেকার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন সফল আয়োজনের মাধ্যমে দেশের ইভেন্ট ইন্ডাস্ট্রিতে বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এর আগে ‘আরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’, ‘শ্রেয়া ঘোষাল লাইভ ইন ঢাকা’, ‘বাংলাদেশ–নেপাল ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-সহ একাধিক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি মিস ইন্টারকন্টিনেন্টাল-এর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজির জাতীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি, মেধা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে ইমেকার্স বাংলাদেশ।
ইমেকার্স বাংলাদেশের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) নূর সিবা বলেন, “ঈশায়া তাহসিনের মতো জনপ্রিয় ও প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সারের সম্পৃক্ততা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে গাজী টেলিভিশনের মতো শক্তিশালী সম্প্রচার অংশীদারের সম্পৃক্ততা প্রতিযোগিতাটিকে দেশের কোটি দর্শকের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব বাংলাদেশের তরুণীদের মধ্যে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম নিয়ে আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াবে।”
সংশ্লিষ্টদের মতে, ঈশায়া তাহসিনকে অফিসিয়াল প্রমোশনাল পার্টনার এবং গাজী টেলিভিশনকে অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত করার ফলে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর ব্র্যান্ডিং, জনসম্পৃক্ততা, ডিজিটাল প্রচারণা ও টেলিভিশন সম্প্রচার আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: