• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চীনে প্রথম এআই সিনেমা, বক্স অফিসে নেই তেমন সাড়া

প্রকাশিত: ১৯:৫২, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চীনে প্রথম এআই সিনেমা, বক্স অফিসে নেই তেমন সাড়া

চীনে মুক্তি পেয়েছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। সায়েন্স ফিকশনধর্মী সিনেমাটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে নতুন প্রযুক্তির এই উদ্যোগ ঘিরে প্রত্যাশা থাকলেও, টিকিট বিক্রিতে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি।

চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির দিন সিনেমাটির ১০ হাজারের বেশি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৬৫ হাজার ইউয়ান। সিনেমাটির মোট বক্স অফিস আয় এক লাখ ইউয়ানের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অথচ এটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ইউয়ানেরও বেশি।

প্রযোজনা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, সিনেমাটি নির্মাণে প্রায় ১০০ জন কাজ করেছেন। পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে দুই বছরেরও বেশি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিয়াং দেফু স্বীকার করেছেন, দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। তবে তাঁর মতে, প্রথমবারের মতো এআই-নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া এবং দর্শকের সামনে উপস্থাপন করাই বড় চ্যালেঞ্জ।

এদিকে সিনেমাটির মান নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের কেউ কেউ। বৃহস্পতিবারের একটি বিনা মূল্যের প্রদর্শনীতে অংশ নেওয়া আইরিস ইয়াং জানান, সিনেমাটির মান বিবেচনায় তিনি টিকিট কিনে এটি দেখতে আগ্রহী হতেন না। তাঁর মতে, এআইয়ের তৈরি দৃশ্য যদি ‘অ্যাভাটার’-এর মতো উন্নত মানের চলচ্চিত্রের অভিজ্ঞতা দিতে পারে, তবে তিনি অর্থ খরচ করে তা দেখতে রাজি।

চীনে এআই-নির্মিত ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য নাটকের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দেশটির ভিডিও প্ল্যাটফর্ম দৌইনে গত সেপ্টেম্বর মাসে এআই-নির্মিত স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, অনলাইনে এআই কনটেন্ট জনপ্রিয় হওয়া আর প্রেক্ষাগৃহে টিকিট কেটে সিনেমা দেখার অভিজ্ঞতা এক নয়।

অন্যদিকে হলিউডেও চলচ্চিত্র নির্মাণে এআইয়ের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে অভিনয়শিল্পী, চিত্রনাট্যকারসহ চলচ্চিত্রসংশ্লিষ্টদের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এআই-নির্মিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘গডস ডোন্ট গিভ গিফটস’ আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি ভার্চ্যুয়াল অভিনেত্রী টিলি নরউডও ‘মিসঅ্যালাইন্ড’ নামের একটি আসন্ন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

সব মিলিয়ে, এআই প্রযুক্তি চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনার দুয়ার খুললেও দর্শককে হলে টানতে গল্প, নির্মাণমান ও বিনোদনের অভিজ্ঞতাই যে গুরুত্বপূর্ণ, চীনের প্রথম এআই সিনেমার প্রাথমিক বক্স অফিস চিত্রে তা স্পষ্ট হয়ে উঠেছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: