পরীমনির জন্মদিনে জয়ের রসিকতা
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনির জন্মদিনের আয়োজনে এবার আলোচনার কেন্দ্রে শিউলি ফুল। চট্টগ্রাম থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এই ফুল। তবে কে এই বিশেষ উপহার পাঠিয়েছেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। রহস্যময় সেই ব্যক্তিকে ঘিরে এবার মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তাঁর সেই রসিকতাপূর্ণ পোস্ট ঘিরেই শুরু হয়েছে আলোচনা।
গত শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি। এবারের আয়োজনের সাজসজ্জায় বিশেষ গুরুত্ব পেয়েছে শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় এই ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে হাজির হন নায়িকা। তবে সব আয়োজন ছাপিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম থেকে বিমানযোগে পাঠানো শিউলি ফুলের উপহার।
এই উপহারদাতার পরিচয় নিয়ে রহস্যের মধ্যেই ফেসবুকে রসিকতা করেন শাহরিয়ার নাজিম জয়। তাঁর মন্তব্য, পরীমনির প্রতি এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের বিত্তশালী পরিবারের অনেক স্ত্রীর মনেই হয়তো প্রশ্ন জাগছে—কোন স্বামী এত আয়োজন করে পরীমনির জন্য শিউলি ফুল পাঠালেন?
পোস্টে জয় আরও লেখেন, লোকটিকে খুঁজে পেলে অনেকেই হয়তো তাঁকে গণমাধ্যমের সামনে হাজির করবেন। তবে তিনি চান, ওই ব্যক্তি যেন ধরা না পড়েন। নিজের উদাহরণ টেনে রসিকতার সুরে জয় লেখেন, তিনিও অনেককে শিউলি ফুল দিয়েছেন, কিন্তু ধরা পড়েননি। শেষে নিজেকে ‘পাপী’ উল্লেখ করে আরেক ‘পাপীর’ পক্ষ নেওয়ার কথাও বলেন এই অভিনেতা-পরিচালক।
জয়ের এই রসিকতাপূর্ণ পোস্টের পর পরীমনির জন্মদিনে শিউলি ফুল পাঠানো সেই রহস্যময় ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল আরও বেড়েছে। তবে উপহারদাতার পরিচয় এখনো অজানাই রয়ে গেছে।
বিভি/জোহা













মন্তব্য করুন: