• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাহরাইনে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ২২:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাহরাইনে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো বাংলাদেশ দূতাবাস

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বেশ কিছু করণীয় ও বর্জনীয় বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় আইন-কানুন মেনে চলা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা এবং গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের দেশটির স্থানীয় আইন ও বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখাতে হবে।

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছে দূতাবাস। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

এ ছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার করা যাবে না। গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।

ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে।

এ ছাড়া বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।

কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি কিংবা ভিডিও ধারণ ও প্রকাশ না করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র/আইডি, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না জানাতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিভি/টিটি

মন্তব্য করুন: