• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

‘ঈদ সালামি’ সহজে আদায় করতে কাজে লাগান এই ৫ টিপস

প্রকাশিত: ১৭:২১, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
‘ঈদ সালামি’ সহজে আদায় করতে কাজে লাগান এই ৫ টিপস

দুদিন বাদেই ঈদুল ফিতর। শিশু থেকে বৃদ্ধ সব মানুষের মাঝে বিরাজ করছে ঈদের খুশি। এই ঈদের অন্যতম খুশির অনুষঙ্গ হলো ঈদ সালামি। যেটা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন শিশু-কিশোর-তরুণ-তরুণীরা। তবে কেউ কেউ আবার সালামি থেকে পালানোর চেষ্টা করেন।

অনলাইন কিংবা অফলাইন সব জায়গায় এখন একটাই প্রশ্ন- সালামি কই? কবে দিবেন? বর্তমান অনলাইনে সালামি আদায় করার প্রবণতা বেশ বেড়েছে। সালামি আদায় করে নেওয়া অত্যন্ত আনন্দের, তবে বুদ্ধি খাটিয়ে আদায় করার মজাটাও ভিন্ন।

সালামি আদায় করতে কিছু কৌশল অবলম্বন করা যায়। যিনি যত কৌশলী হবেন, তত সহজে সালামি আদায় করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ৫টি টিপস।

১. টাইমিং/মোক্ষম সময়
ঈদের সালামি আদায়ের সবচেয়ে সহজ কৌশল হচ্ছে—সময় মতো সামনে হাজির হওয়া। ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে বড়রা বেশ ভালো মুডে থাকেন, তখনই সালামি বুঝে নেওয়ার সেরা সময়। ঈদের নামাজ শেষে বড়দের সামনে গিয়ে হাসিমুখে সালাম দিলে বেশিরভাগ ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয় না। এটাই নাম্বার ওয়ান ও কার্যকরী টিপস।

২. ডিজিটাল সালামি/অনলাইনে সালামি
বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারের ব্যাপক প্রচলন রয়েছে। তাই সালামি হাতছাড়া করতে চাই না কেউই। এক্ষেত্রে সরাসরি দেখা না হলেও ফোনে বা টেক্সটে শুভেচ্ছা জানিয়ে সালামি পাওয়ার সুযোগ থাকছে। এই উপায়ে সালামি গ্রহণে তরুণ প্রজন্ম বেশ একটিভ।

৩. হাসিমুখে লম্বা সালাম প্রদান
টাইমিং মিস হলেও অনেকে মনে করেন সালামি পাবেন না। আসলে বিষয়টা তেমন না। ঈদের দিন মুখ গোমড়া নয়, বরং সিনিয়র কাউকে দেখলেই আন্তরিক একটা হাসিমুখে লম্বা সালাম দিন। এতে করে সালামি আপনার হাতে আসবে। তবে ঈদ মোবারক বলতে ভুলবেন না।

৪. দলবলে হাজির হওয়া
ঈদের আগের রাতে বা ঈদের দিন কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীরা একটা দল হয়ে সিনিয়রদের অ্যাটাক করা যেতে পারে। এতে করে সিনিয়ররা কেউ পালানোর বুদ্ধি খুঁজতে পারে না। আর ওই সময়টা বেশ জমে ওঠে। চারপাশের সবাই সালামি দেওয়ার উৎসাহ দিতে থাকে। এতে করে সহজেই হাতে আসবে ঈদ সালামি। তবে দলে সদস্য বেশি হলে সালামির পরিমাণ কমার শঙ্কা থাকে।

৫. বারবার মনে করিয়ে দেওয়া
অনেক সময় ব্যস্ততার কারণে সিনিয়ররা সালামি দিতে ভুলে যান বা এড়িয়ে যান। এক্ষেত্রে স্মার্ট রিমাইন্ডার বা মনে করিয়ে দেওয়ায় হতে পারে আসল টোটকা। তবে গুরুগম্ভীর নয়, হালকাভাবে মজার ছলে বলা যেতে পারে, “আজ তো ঈদ!” “ঈদ তো চলে গেল” “আমার সালামিটা গেল কোথায়” এ ধরণের ইঙ্গিতে ভদ্রতা বজায় রেখে সালামি চাওয়া যেতে পারে। 

পবিত্র রমজান শেষে আসে ঈদুল ফিতর। কেউ কেউ রমজানের বিদায়ে ব্যথিত হয়ে পড়েন। কেউ কেউ মৃত বাবা-মায়ের কথা স্মরণ করে শোকে কাতর হয়ে পড়েন। তাই সালামি চাওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে, যার কাছে সালামি চাওয়া হচ্ছে তিনি যেন বিব্রত না হন। ঈদের আনন্দ যেন ভদ্রতা-শালীনতা আর আন্তরিকতার সাথেই ভাগাভাগি হয় খেয়াল রাখা জরুরি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত