জাপানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর আবেগঘন পোস্ট
ছবি: ফেসবুক
জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য এই সম্পর্ককে বাস্তব ও দৃশ্যমান সুযোগে রূপ দেওয়াই আলোচনার মূল লক্ষ্য ছিল।
জাপান সফর নিয়ে দেওয়া এক আবেগঘন পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন। এতে তিনি জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করার পাশাপাশি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন।
পোস্টে তারেক রহমান জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানের বেসরকারি খাত থেকে সর্বোচ্চ এক লাখ কোটি জাপানি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
এ ছাড়া বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠা, উচ্চগতির রেল যোগাযোগ, বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় (বিআইজি-বি) উদ্যোগ এগিয়ে নেওয়া এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি জাপানের দীর্ঘদিনের সহযোগিতা ও উষ্ণ আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর করে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: