• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া ইহতেশামুলকে মুশফিকের অভিনন্দন

প্রকাশিত: ২২:২০, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২০, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া ইহতেশামুলকে মুশফিকের অভিনন্দন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম।

এদিকে ইহতিশামুলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি একটি ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে লিখেছেন, মাশাআল্লাহ… তোমাকে অভিনন্দন।

জানা গেছে, ইহতিশামুল ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) তার এ অর্জনের তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী।

তিনি জানান, ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপে বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। তাঁদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে সেরার মুকুট অর্জন করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হলো হিরার এই অর্জন। এর আগে এ প্রতিষ্ঠানের হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ একাধিক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

হিরার এ সাফল্যে আনন্দ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি মাসুম ফয়েজী। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা যেন হিরাসহ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: