দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ
রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে। চট্টগ্রাম এবং সিলেটেও নতুন করে আক্রান্ত হয়েছে অনেকে।
দেশজুড়ে হাম সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা বেড়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে গত ১২ দিনে ৫ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৬৭ শিশু সেখানে ভর্তি আছেন। পরিস্থিতি সামাল দিতে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ১১২ রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৩ দিনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে মোট ৪১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ১৫ উপজেলায় থেকে আরও ১০ শিশুর নমুনা এসেছে। এর আগে সোমবার কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেলে আসা এক শিশুর মৃত্যু হয়েছে।
সিলেটে জেলা জুড়ে হাম রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের হাম আইসোলেশন কেন্দ্র-এ গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ২৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৮ জন ভর্তি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ছেলে ১৬ জন ও মেয়ে ১১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন রোগী।
ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত চার শিশুর হাম শনাক্ত হয়েছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় জেলা সদর হাসপাতালে বিশেষ হাম-রুবেলা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: