হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস; তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জন। এ নিয়ে এই হাসপাতালে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাতে দুজন এবং রবিবার (৫ এপ্রিল) সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ জানান, হামের উপসর্গ নিয়ে মৃত তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং একজনের বাড়ি নাটোরে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: