নীলফামারীতে হামের উপসর্গে ভর্তি শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি রবিবার (৫ এপ্রিল) জেলা সিভিল সার্জন নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।
১১ দিন বয়সী জান্নাতকে শনিবার সকাল ১১টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।
হামের উপসর্গ নিয়ে প্রথমে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, “হামের উপসর্গ নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করা হয়েছিল। পরে রাতে রংপুরে তার মৃত্যু হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে—আসলে সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে কি না।”
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নীলফামারী জেনারেল হাসপাতাল, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সদরে ৮ জন, ডিমলায় ২ জন এবং সৈয়দপুরে ১ জন রয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: