• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নেত্রকোণায় চোখ রাঙাচ্ছে হাম, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ শিশু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ৬ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নেত্রকোণায় চোখ রাঙাচ্ছে হাম, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ শিশু

নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১২ শিশু। এর মধ্যে ৬ জন ভর্তি হয়েছে সদর হাসপাতাল এবং ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে। দুটি শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) এসব তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গত ১২ দিনে নেত্রকোণায় হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১০৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়াও, ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং ১ জনের মৃত্যু হয়েছে।  বর্তমানে ১৫ জন রোগী নেত্রকোণার হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

এ পরিস্থিতি নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করে চলছেন এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এদিকে, ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় প্রথম দিন রবিবার ৯৬০ শিশুকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার আটপাড়া উপজেলাকে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করার পর সেখানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৪ হাজার ৮০৯ শিশুকে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি নেয় স্বাস্থ্য বিভাগ।

নেত্রকোণা সিভিল সার্জন গোলাম মওলা জানান, প্রথম দিন উপজেলার ৩টি ইউনিয়নে ১১টি টিকা কেন্দ্রের মাধ্যমে ৮৮৫ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নেয়া হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৯৬০ শিশুকে টিকা দেয়া হয়েছে। টিকা দেওয়ার সাফল্যের হার ১০৮ দশমিক ৪৭ শতাংশ।
হাম নির্মূলে পর্যায়ক্রমে টানা ২১ দিন ধরে উপজেলার ৭টি ইউনিয়নে এই টিকা দেয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: