ছয় মাসেই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে: নতুন বিএমইউ উপাচার্য
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিএমইউ নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ধারাবাহিক ধারাবাহিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় সকলের প্রতি নিজ নিজ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন উপাচার্য দায়িত্বে বসেই উপ-উপাচার্যগণ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ডিনবৃন্দ, কোর্স ডাইরেক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় চেয়ারম্যান, মেডিক্যাল অফিসার এবং কর্মকর্তাদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।
বিভাগীয় চেয়ারম্যানদের উদ্দেশ্যে উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও বিদ্যমান জনবলকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে এবং প্রতি মাসে বিভাগের কর্মকাণ্ডের অগ্রগতি মূল্যায়ন করতে হবে।
মেডিক্যাল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসাসেবার প্রাথমিক স্তম্ভ হিসেবে রোগীদের প্রতি সহানুভূতিশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং যেকোনো পরিস্থিতিতেই হাসিমুখে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে বিএমইউ’র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে এবং যথাযথভাবে পালন করতে হবে। শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার ওপর তিনি জোর দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।
বিভি/এনএম



মন্তব্য করুন: