• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি মনিরার প্রাণ

প্রকাশিত: ১৩:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু কেড়ে নিলো কোমলমতি মনিরার প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম সিরাজুল মনিরা। সে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

মনিরার পরিবার জানায়, বেশ কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে। একপর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার অভিভাবকরা তাকে সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে যান। সেখানে চিকিৎসক এনএস১ পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়।

পরে চিকিৎসক শিশুটিকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

চিকিৎসক ধীমান চৌধুরী জানান, মনিরার পরিবার তাকে চিকিৎসকের কাছে নিতে অনেক দেরি করেছে। ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত রোগীকে দীর্ঘ সময় বাড়িতে রাখা ঠিক নয়। পরে চিকিৎসকের পরামর্শে চমেক হাসপাতালে নেওয়া হলেও তখন শিশুটির অবস্থা সংকটাপন্ন ছিল।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন কিংবা উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। তবে চমেক হাসপাতালে মনিরার মৃত্যুর বিষয়ে তাকে এখনো কেউ অবহিত করেননি। এ কারণে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: