হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৪৩
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৬ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬১ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮২ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৪৮০। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৪৩।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৫ হাজার ৬০২ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: