• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সৌদিতে বন্যার কবলে মক্কা ও মদিনা নগরী, রেড অ্যালার্ট জারি

প্রকাশিত: ১১:৩৩, ৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সৌদিতে বন্যার কবলে মক্কা ও মদিনা নগরী, রেড অ্যালার্ট জারি

ছবি- সংগৃহীত

সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এদিকে, পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ পুরো অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি-এনসিএম।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার দেখা দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলের দুটি প্রদেশ, আসির ও জাজান, এখন বন্যার কবলে রয়েছে। ফলে, ওই অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়।

মক্কা ও মদিনা শহরে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকায় ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে, জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানায়, বন্যায় বিপদে পড়া মানুষদের উদ্ধার করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে একটি বিবৃতিতে জানায়, নিম্নাঞ্চল এবং বন্যার পানি জমে থাকতে পারে এমন এলাকা এড়িয়ে চলতে হবে।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা, জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ফলে, যাত্রীদের বিমান চলাচল সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে জেদ্দা সিটি করপোরেশন। বিভিন্ন এলাকায় বন্যা মোকাবিলায় প্রায় ৪ হাজার ৩২জন কর্মী নিয়োগ করা হয়েছে।

সৌদি আরবে বন্যার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বন্যার প্রবল স্রোতে গাড়িগুলো ভেসে যাচ্ছে। এছাড়া, বেশ কিছু ভবনের একতলা পুরোপুরি ডুবে যাওয়ার দৃশ্যও ক্যামেরায় ধারণ করা হয়েছে।

এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। যদিও এমন পরিস্থিতিতে, সৌদি সরকার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জনগণকেও নিরাপত্তা সম্পর্কিত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে, যাতে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়।

বিভি/আইজে

মন্তব্য করুন: