মামদানিকে নির্বাচিত করায় নিউইয়র্কবাসীকে ট্রাম্পের হুমকি
নিউইয়র্কবাসী মেয়র হিসেবে জোহরান মামদানিকে নির্বাচিত করায় মহানগরীর অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, নিউইয়র্ক-শিকাগোসহ বিভিন্ন শহরে থামবে না অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের অভিযান
ইমিগ্রেশন ও কাস্টমস বাহিনী-আই-সি-ই’র জোরদার ধরপাকড় ব্যাপক সমালোচনার মুখে পড়লেও এর পক্ষে সাফাই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, থামবে না অভিযান। দেশ থেকে তাড়ানো হবে দুষ্কৃতকারীদের। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লাখো অভিবাসীর বেশিরভাগ কোনো না কোনোভাবে মাদক চোরাকারবারী, মানসিক রোগী বা খুনের সাথে জড়িত। এদের ৫০ শতাংশ একাধিক খুনের সাথে জড়িত বলেও দাবি করেন তিনি। হাজার হাজার অভিবাসীকে আটকের সময় খুব নির্মম কৌশলের প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মীরা। ট্রাম্প প্রেসিডেন্ট হাওয়ার পর গত জানুয়ারি থেকে চলমান অভিযানে শুধু আই-সি-ই’র হেফাজতে মারা গেছে কমপক্ষে ২০ জন অভিবাসী।
এদিকে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নব নির্বাচিত মেয়র মামদানিকে কটাক্ষ করে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। ভোটারদের ইঙ্গিত করে বলেছেন, ব্রিজ, টানেলসহ উন্নত নাগরিক অবকাঠামো নিউইয়র্কবাসীর হয়তো প্রয়োজন নেই। তাই মামদানিকে ভোট দিয়েছেন। এসব অবকাঠামো নির্মাণে ফেডারেল সরকারের বিভিন্ন পরিকল্পনা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: