• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ, যা জানলো ডিজিসিএ

প্রকাশিত: ১৬:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ, যা জানলো ডিজিসিএ

মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরটির রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

ডিজিসিএ জানায়, গুরুতর কোনো অবস্থার সৃষ্টি হয়নি, শুধু বিমান দুটির ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে স্পর্শ করে। বিমান দুটি হলো- এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উভয় সংস্থাই। দুটি বিমানই এয়ারবাস এ৩২০ মডেলের। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

ঘটনার পরপরই দুটি বিমানকে পরিদর্শনের জন্য পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে নেওয়া হয়। ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের উদ্দেশে উড্ডয়নের জন্য ট্যাক্সি করছিল, আর ইন্ডিগোর বিমানটি হায়দরাবাদ থেকে এসে ট্যাক্সিংয়ের সময় ছিল। এই সময় দুই বিমানের ডানার অগ্রভাগে সংঘর্ষ ঘটে, যার ফলে উভয় বিমানের ধাতব অংশে ক্ষত তৈরি হয়।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেয়া হয়েছে। বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিমান সংস্থাটি জানায়, তাদের এ৩২০ বিমানের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। নিরাপদে নামিয়ে দেয়া হয়েছে সব যাত্রীকে এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কাজ চলছে।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন: