খনিজ যুদ্ধের নতুন মোড়, একজোট ভারত-ব্রাজিল!
ছবি: মোদি-লুলা
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অস্থিরতার মধ্যেই বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ (রেয়ার আর্থ) সরবরাহ নিশ্চিত করতে কাঠামোগত চুক্তি সই করেছে ভারত ও ব্রাজিল। নয়াদিল্লিতে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই চুক্তি নতুন ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সহায়ক হবে।
তিন দিনের সফরে ভারতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নবায়নযোগ্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেয়ার আর্থ মজুতের দেশ ব্রাজিল—ভারতের জন্য চীনের বিকল্প সরবরাহ উৎস হতে পারে। ইলেকট্রনিকস, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমাতে চায় নয়াদিল্লি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উদ্যোগে যোগ দেওয়ার পাশাপাশি ভারত সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্য আনতে সক্রিয় হয়েছে। বৈশ্বিক শুল্ক নীতির টানাপোড়েন ও প্রযুক্তি প্রতিযোগিতার প্রেক্ষাপটে ব্রাজিল-ভারত সহযোগিতা নতুন কৌশলগত গুরুত্ব পাচ্ছে।
দুই দেশই শুধু কাঁচামাল সরবরাহকারী নয়, বরং খনিজ প্রক্রিয়াজাতকরণেও বড় ভূমিকা রাখতে চায়—যেখানে বর্তমানে চীনের আধিপত্য স্পষ্ট। নতুন এই সমঝোতা ভবিষ্যতের প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বড় প্রভাব ফেলতে পারে।
বিভি/এমআর



মন্তব্য করুন: