আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিক্ষার্থীসহ নিহত ১৮
ছবি: বিবিসি
পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা নাঙ্গারহার ও পাকতিকায় নারী-শিশু ও শিক্ষার্থীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। সম্প্রতি ইসলামাবাদ ও বান্নুতে সন্ত্রাসী হামলার পেছনে আফগান সন্ত্রাসীরা দায়ী, এই দাবি তুলে শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্য রাতের পর প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান।
এতে মুহূর্তেই বিধ্বস্ত হয় ওই এলাকার বাড়িঘর-শিক্ষাপ্রতিষ্ঠান। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বেশ কয়েকজন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বেশ কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার পেছনে আফগানিস্তান ও ভারতের সন্ত্রাসীদের মদদ রয়েছে। হামলার পেছনে পাকিস্তান-তেহরিক-ই-তালেবান বা টিটিপি এবং ইসলামিক স্টেট খোরাসানের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান সরকার।
মদদের বিষয়টি অস্বীকার করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান সরকার। আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্গনের অভিযোগ এনে পাল্টা হামলার হুমকি দিয়েছে কাবুল।
এর আগে, গত বছর অক্টোবরে দু'পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। পরে একটি নড়বড়ে চুক্তি হলেও তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেয়নি। সূত্র: বিবিসি
বিভি/এমআর



মন্তব্য করুন: