তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকি শহরের বিভিন্ন এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ইরান থেকে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে এই তথ্য পাওয়া যাচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনের সূত্রে তেহরানের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
শহরের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ারের কাছে এমন বিস্ফোরণের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেখানে ধোঁয়ার বড় কুণ্ডলি একটি স্তম্ভের আকারে বাতাসে উড়তে দেখা গেছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সবশেষ এক আপডেটে জানিয়েছে, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু ‘তেহরানের কেন্দ্রস্থলে’ হামলা চালিয়েছে।
ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বিমান বাহিনী “সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায়” একের পর এক হামলা শুরু করেছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠী সংশ্লিষ্ট টার্গেটগুলোতে হামলা শুরু করেছে।
ইরানের তেহরানে “রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে” হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।
রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, “তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের” কাছেও হামলা চালানো হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: