৬ দিনে ইরানজুড়ে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
ইরানে টানা ষষ্ঠ দিনের মতো ব্যাপক আকারে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরাইলি সেনারা। গত প্রায় এক সপ্তাহের হামলায় ইরানজুড়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরেও ইরানের কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া তেহরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আর ভারত মহাসাগরে একটি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জাহাজটি ডুবে নিহত হয়েছেন অন্তত ৮৭ জন, ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি ও মার্কিন সেনারা। সর্বশেষ হামলায় দেশটির রাজধানী বৈরুতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
এদিকে, ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরানও। তেল আবিবকে লক্ষ্য করে তেহরান একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
এ অবস্থায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। কাতারের পক্ষ থেকে তেহরানকে মধ্যপ্রাচ্যজুড়ে আক্রমণ থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: